সিলেট স্ট্রাইকার্সের বার্তা মাশরাফীর বিপিএল খেলা নিয়ে

ক্রীড়া প্রতিবেদক ;
বিপিএলের আসন্ন আসরে মাশরাফী বিন মোর্ত্তজাকে ক্যাটাগরি ‘বি’ ক্যাটাগরি থেকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক গত বছরও এই দলের হয়ে খেলেছিলেন। রাজনৈতিক পালাবদলে সাবেক টাইগার অধিনায়কের খেলা নিয়ে তার বিরুদ্ধে হয়েছিল আন্দোলন।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় মাশরাফীকে বাদ দিয়ে দল গঠন করতে গত ১৭ অক্টোবর ফ্র্যাঞ্চাইজিটিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীরা। বর্তমান পরিস্থিতিতে তার বিপিএলে খেলা নিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির মালিক মাহিন মাজহার বলেছেন, ‘বোর্ড মাশরাফিকে ড্রাফটে রেখেছে। সে আমাদের সঙ্গে আগের দুটি আসরে ছিল। দুই আসরেই অসাধারণ ছিল সে। ওটার কথা যদি চিন্তা করি তাকে আমাদের নিতেই হতো। আমাদের সেট-আপ টেনে নেওয়ার একটা ব্যাপার তো আছেই। ক্রিকেটে লিডার হিসেবে ওর সেন্স খুবই ভালো। সবসময়ই সে বাংলাদেশকে দিয়ে গেছে।’

মাশরাফীর অবদান প্রসঙ্গে তিনি বলেন, ‘বহু দিয়ে গেছে। সে হয়তো পারফর্ম করতে পারেনি কোনো কোনো সময়। কিন্তু সে তার যে ক্রিকেটিং জ্ঞান ও সেন্স সেটা দিয়ে অনেক ম্যাচ জিতিয়েছে। এখন বোর্ডের উপর অনেক কিছুই নির্ভর করে। বোর্ড তাকে ড্রাফটে রেখেছে, এখনও অন্য কোনো নির্দেশনা পাইনি। সে দলে আছে।’

ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক হিসেবে পরিচিত এই ক্রিকেটার ফিটনেস থাকলে কেন খেলতে পারবেন না- এমন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন সিলেটের মালিক। তার মন্তব্য, ‘সে গ্রেট প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার। আমার আপনাকে প্রশ্ন যদি সে ফিট না হয় তাহলে কি তার খেলা উচিৎ? বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হবে কেন? একটা ফিট প্লেয়ার অবশ্যই খেলবে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়া উচিৎ না।’

যদিও মাশরাফীর নিজস্ব মতামত জানতে আগ্রহী সিলেট স্ট্রাইকার্স। এ প্রসঙ্গে মাহিন মাজহারের ভাষ্য, ‘একজন ক্রিকেটারকে পারফর্ম করতে হলে ফিট হতে হবে। মাশরাফী যদি মনে করেন তিনি ফিট, আমাদের কোচ যদি মনে করেন তিনি ফিট, তাহলে তার মতামতকে আমরা শ্রদ্ধা করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *