বরিশাল প্রতিনিধি :
ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চের কেবিন থেকে যাত্রীদের ৮টি পাসপোর্ট ও ডলারসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে বরিশাল নদীবন্দরে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ।
ভুক্তভোগী লঞ্চযাত্রী বরিশাল নগরীর কাউনিয়া ক্লাব রোডের বাসিন্দা তাপস জানান, পরিবারের সদস্যরা মিলে থাইল্যান্ড ভ্রমণে যাবেন। এজন্য শুক্রবার রাতে বরিশাল থেকে ঢাকাগামী প্রিন্স আওলাদ-১০ লঞ্চের তৃতীয় তলায় ৪২০ নম্বর কেবিন ভাড়া করেন।
কেবিনের মধ্যে পরিবারের ৮ জনের পাসপোর্ট, একটি ক্যানন ক্যামেরা এবং ১৫০ ডলারসহ অন্যান্য মালামাল ছিল। লঞ্চ ছাড়ার আগে কেবিনের দরজায় তালা দিয়ে তারা লঞ্চের সামনে যান। ফিরে এসে দেখতে পান কেবিনের জানালা খোলা। ভেতরে ঢুকে দেখতে পান পাসপোর্ট, ডলার ও ক্যামেরা খোয়া গেছে।
বরিশাল সদর নৌ থানার ওসি সনাতক চন্দ্র সরকার বলেন, ঘটনার পর লঞ্চ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।