খুলনা প্রতিনিধি :
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ছাত্র-জনতা নতুন বাংলাদেশ চায়। তারা আগের বাংলাদেশ চায় না। বিগত ১৫ বছরে শেখ হাসিনা সরকার যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার ও নির্যাতন জনগণের ওপর করেছে তা থেকে মুক্তি পাবে বাংলাদেশ।
শনিবার খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলনকক্ষে নাগরিক ঐক্যের খুলনা জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, অনেককেই বলতে শুনি শেখ হাসিনা নাকি ফিরে আসবেন, চট করে ঢুকে পড়বেন। তিনি এর আগে কাউকে বলেছিলেন টুস করে ফেলে দেবেন। অথচ শেখ হাসিনা এখন বিদেশেও জায়গা পাচ্ছেন না। সবাই জানে তার পালানো ছাড়া পথ ছিল না। না পালালে তার হাড্ডি মাংসও পাওয়া যেত না।
তিনি আরো বলেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার উন্নয়নের গান গেয়েছে। এক পদ্মাসেতু করতে ৪০ হাজার কোটি টাকা লাগিয়েছে। অথচ ভারতে ভূপেন হাজারিকা সেতু করতে মাত্র ১ হাজার ১৮৬ কোটি রুপি ব্যয় হয়েছে। পদ্মাসেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার আর ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য ৯.১৫ কিলোমিটার।
এ সময় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, দফতর সম্পাদক এস এম মহিদুজ্জামান মহিদ, খুলনা মহানগর শাখার আহ্বায়ক ড. মো. জাকির হোসেন, সদস্য সচিব কাজী মোতার রহমান বাবু,
খুলনা জেলা শাখার আহ্বায়ক আব্দুল মজিদ হাওলাদার প্রমুখ।