প্রথম জানাজা অনুষ্ঠিত কবি হেলাল হাফিজের

নিজস্ব প্রতিবেদক :
প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলা একাডেমিতে।
শনিবার সকাল সাড়ে ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কবির পরিবার, ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

কবির ছোট ভাই নেহাল হাফিজ বলন, তিনি অলস প্রিয় মানুষ ছিলেন। চুল আঁচড়াতেও এক ঘণ্টা লেগে যেতো। গোসল করতেও সময় নিতেন। যখন তুখোড় কবি, তারকাখ্যাতি পেলেন, আমারও লোভ লাগলো একটু একটু লেখি। লিখতে লিখতে ১০০টা লিখি। যখন কবিতাগুলো উনাকে দেখালাম, দেখার পর বললেন, নাবালক কবিতা।

তিনি কবির স্মৃতিচারণ করে বলেন, এরপর প্রথম কাব্যগ্রন্থ বের হলে উনি কবিতার বই দেখে বললেন, শখের বসে নয় জীবন খরচ করে কবিতা লিখবে।

জানা গেছে, রোববার (১৫ ডিসেম্বর) বাদ জোহর কবির দ্বিতীয় জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।

কবির মরদেহ গ্রামের বাড়ি নেত্রকোনায় নেয়া হবে না বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কবির বড়ভাই দুলাল এ হাফিজ।

এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। পরে কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

প্রসঙ্গত, কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়বেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *