ক্রীড়া প্রতিবেদক :
পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দলের জন্ম দিয়েছিল রক্তে রঞ্জিত বাংলাদেশ। ইতিহাসের পাতায় যাদের নাম হয়েছে চিরস্মরণীয়- স্বাধীন বাংলা ফুটবল দল। বিজয়ের ৫৩ বছর পূর্ণ হলেও কালজয়ী দলটি পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। তবে স্বাধীন বাংলা ফুটবল দলের জন্য স্বাধীনতা পদক পুরস্কার প্রাপ্তির জন্য আবেদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার (১৬ ডিসেম্বর) বাফুফে ভবন সংলগ্ন টার্ফে বিজয় দিবস উপলক্ষে লাল ও সবুজ এই দুই দলে ভাগ হয়ে সাবেক জাতীয় ফুটবলারদের নিয়ে গড়িয়েছিল প্রীতি ফুতবল ম্যাচ। সেই ম্যাচ দেখতে এসে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্বাধীন বাংলা ফুটবল দল প্রসঙ্গে এ তথ্য জানান। তিনি বলেন, ‘স্বাধীন বাংলা ফুটবল দল বাংলাদেশের স্বাধীনতার অংশ। তাদের দল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বাফুফে আবেদন করেছে।’
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) স্বাধীন বাংলা ফুটবল দলের আবেদন প্রস্তুত করেছিল। বাফুফে সভাপতি সেই আবেদনে ফেডারেশনের পক্ষে স্বাক্ষর করেছেন। সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার প্রদান করে আসছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বেসামরিক সর্বোচ্চ পদকটি দেওয়া হয়।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের এই ফুটবল দলটি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়।
অনুশীলন চালিয়ে যাওয়ার পর স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ২৫ জুলাই নদীয়া জেলায় কৃষ্ণনগর স্টেডিয়ামে কৃষ্ণনগর একাদশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামে। ইতিহাসের প্রথম যুদ্ধকালীন ফুটবল দল মাঠে নামে।