রহস্যজনক মৃত্যু আরজে সিমরানের

বিনোদন ডেস্ক :
ভারতের জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় রেডিও জকি (আরজে) এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুরগাঁও পুলিশ আরজে সিমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে পুলিশ জানিয়েছে, তাদের ধারণা আত্মহত্যা করেছেন তিনি।

গুরগাঁওয়ের সেক্টর ৪৭-এ নিজ অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সিমরানের। জানা গেছে, তার বন্ধুরা ফোন ও মেসেজ করেছিলেন তাকে। কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশকে জানায় বিষয়টি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় আরজের বন্ধুদের জিজ্ঞাসাবাদ চলছে। একইসঙ্গে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিমরান জম্মু ও কাশ্মীরের মেয়ে। তিনি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় একজন ব্যক্তি। এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে হাজার হাজার ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে তার। প্রাণবন্ত উচ্ছ্বল ব্যক্তিত্ব এবং সংগীতের প্রতি ভালোবাসার কারণে পরিচিত ছিলেন তিনি। এছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন প্রতিভাবান আরজে হিসেবে। জম্মু ও কাশ্মীরের হওয়ায় তাকে অনেকে ‘জম্মু কি ধরকন’ বলেও ডাকতেন।

প্রতিভাবান এ আরজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের শোকবার্তা দিচ্ছেন তারা।

এদিকে গত ১৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে শেষ পোাস্ট দিয়েছেন আরজে সিমরান। সেদিন একটি রিল পোস্ট করেছিলেন। তাতে ক্যাপশনে লিখেছিলেন, গাউনসহ অবিরাম হাস্যোজ্জ্বল একটি মেয়ে সৈকত দখল করে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *