স্থগিত চলচ্চিত্র নির্বাচন পরিচালক সমিতির

নিজস্ব প্রতিবেদক :
বর্তমান রাজনৈতিক ও সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর বিএফডিসি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।
শুক্রবার সকালে বর্তমান কমিটির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব প্রার্থী ও নির্বাচন কমিশনার মিলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে (বিএফডিসি) বলা হয় চলচ্চিত্রের আঁতুর ঘর। চলচ্চিত্র সংশ্লিষ্ট যেকোনো বিষয়ই বিএফডিসিতে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে করা হয়। এ জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচন বিএফডিসির বাইরে করতে পরিচালকরা সম্মতি নন। এ অবস্থায় পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হলে বিএফডিসি প্রাঙ্গণেই নির্বাচন করতে চান পরিচালকরা।

এদিকে এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। এরমধ্যে একটির সভাপতি পদে রয়েছেন শাহীন সুমন ও মহাসচিব পদে শাহীন কবির টুটুল এবং অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *