আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু হুতির হামলার ভয়ে

আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত রোববার জেরুজালেমের হাদাশা মেডিকেল সেন্টারে নেতানিয়াহুর প্রোস্টেটের অস্ত্রোপচার হওয়ার পর সেখানেই আছেন তিনি। তবে হামাস বা হুতি বিদ্রোহীরা রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকে তাকে হাসপাতালের সুরক্ষিত আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে।

গত রোববার গাজার বেঈত হানুন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী রকেটগুলো আটকাতে সমর্থ হয়। কিন্তু ১৫ মাসের যুদ্ধের পর গাজা থেকে রকেট ছোড়ার বিষয়টি ভাবিয়ে তোলে দখলদারদের।

৭৫ বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরি-কাঁচির নিচে যেতে হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি।

আর গত বছর তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়।

এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিয়মিত তাকে হাসপাতালে যেতে হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *