নিজস্ব প্রতিবেদক :
১০ দিনের সফরে বাংলাদেশে এসেছেন মুসলিম সম্প্রদায়ের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী। শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামী সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লন্ডনপ্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে গত ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী। ১০ দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনে অংশ নেবেন।
বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবীদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদরাসার মাহফিলে অংশ নিয়েছেন শায়েখ আলী ওমর। বৃহস্পতিবার ফেনীর সোনাগাজীতে আল–হাসনাইন একাডেমির মাহফিলে অংশগ্রহণ করেন তিনি।
ইয়াকুব আব্বাসী ঢাকার বনানী, মোহাম্মদপুরের বসিলা, সিলেটের সুনামগঞ্জ ও গোলাপগঞ্জে বিভিন্ন মাহফিলে অংশ নেবেন। ৭ জানুয়ারি সিলেটের কাজীর বাজার মাদরাসা ও গোলাপগঞ্জ দারুল উলুম মাদরাসায় মাহফিলে অংশ নেবেন। ৮ জানুয়ারি ফিলিস্তিনের উদ্দেশে রওনা দেবেন।
লন্ডনপ্রবাসী ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের ব্যক্তিগত উদ্যোগ ও আমন্ত্রণে ২০১৮ সাল থেকে প্রায় প্রতি বছরই বাংলাদেশে আসছেন শায়েখ আলী ওমর ইয়াকুব।