শীতের তীব্রতা কুয়াশায় বেড়েছে , শৈত্যপ্রবাহে কাবু ৬ অঞ্চল

নিজস্ব প্রতিবেদক :
দেশজুড়ে বিগত কয়েকদিন ধরে শীতের দাপট চলছে। অন্তত ৬টি স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার ছুটির দিনেও রাজধানীর আকাশ মতোই ঘন কুয়াশায় ঢেকে আছে। শীতের অনুভূতিও বেড়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সারাদিনে কুয়াশা কমার তেমন লক্ষণ নেই।

গত ৩১ ডিসেম্বর থেকেই দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়তে শুরু করেছে। কমে গেছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ।

রাজধানীতে আজকের তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল থেকে রোদ না ওঠায় শীতের অনুভূতি আজ অনেকটাই বেড়েছে।

গতকাল দেশের উত্তর জনপদে এমন কুয়াশা পড়ে যে দিনেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। এদিন রাজধানীতে একবারের জন্য সূর্যের মুখ দেখা যায়নি।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আজও রাজধানীতে কুয়াশা কেটে সূর্যের মুখ দেখার সম্ভাবনা কম। তবে শনিবার থেকে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।

এদিকে ঘন কুয়াশার মধ্যেই দেশের কয়েকটি স্থানে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ শহরে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জনপদ কুড়িগ্রামের রাজারহাটের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে আজকের তাপমাত্রা ৯ দশমিক ৬, রাজশাহীতে ৯ দশমিক ৮, নওগাঁর বদলগাছীতে ১০ ডিগ্রি এবং পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে, তবে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়াবিদরা বলছেন, ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে এক দীর্ঘ কুয়াশার চাদর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। গত বছরের জানুয়ারিতেও দেশে প্রায় দুই সপ্তাহ ধরে কুয়াশা পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *