সেই চালকের ট্রাম্পের সঙ্গে শত্রুতা ছিল না , তবে কেন বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক ;
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে সম্প্রতি একটি টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ হয়। এ ঘটনায় ট্রাক চালকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তবে এই ট্রাক চালকের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো শত্রুতা ছিল না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। ঐ চালক মানসিক রোগে (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার) ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা ঐ সাইবার ট্রাকের চালকের পরিচয় শনাক্ত করেছেন। ৩৭ বছর বয়সী ঐ ব্যক্তির নাম ম্যাথিউ লাইভেলসবার্গার। তিনি সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। কলোরাডো স্প্রিংস শহরে নিযুক্ত ছিলেন লাইভেলসবার্গার। ধারণা করা হচ্ছে তিনি একাই বিস্ফোরণের ঘটনাটি ঘটিয়েছেন।

গতকাল শুক্রবার এফবিআইযের এক কর্মকর্তা বলেছে, ‘তদন্ত এবং সেনাবাহিনীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইঙ্গিত পাওয়া গেছে যে লাইভেলসবার্গার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) ভুগছিলেন। আমরা ধারণা করছি যে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনঘটিত আরো কিছু জটিলতা থাকতে পারে। আর এগুলো এই ঘটনায় ভূমিকা রেখেছে।’

সাইবার ট্রাকে বিস্ফোরণের আগে একইদিন নববর্ষ উদ্‌যাপনের সময় নিউ অরলিয়েন্সেও ট্রাক হামলা হয়। এ বিষয়ে ঐ কর্মকর্তা আরো বলেন , নিউ অরলিয়েন্সে হওয়া ট্রাক হামলার সঙ্গে লাস ভেগাসে হওয়া সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনায় নিশ্চিত কোনো যোগসূত্র তারা পায়নি।

গত বৃহস্পতিবার পুলিশ বলেছে, লাইভেলসবার্গার মুখে গুলি করে আত্মহত্যা করেছেন। লাইভেলসবার্গারের মৃত্যুকে ‘আত্মহত্যার এক মর্মান্তিক ঘটনা’ বলে মনে করা হচ্ছে বলে উল্লেখ করেন এফবিআই কর্মকর্তা।

সাইবার ট্রাকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার নির্মিত ছিল। এই প্রতিষ্ঠানের সিইও ইলন মাস্ক ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের জোরালো সমর্থক ছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তার উপদেষ্টাও হবেন ইলন মাস্ক। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার ছেলে এরিক ট্রাম্প ঐ বিস্ফোরণের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *