নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কাতারের দোহা বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে এয়ার অ্যাম্বুলেন্সটি।
লন্ডনের উদ্দেশে যাত্রার আগে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ ঢাকা ছাড়েন খালেদা জিয়া। কাতারে যাত্রাবিরতির পর বাংলাদেশ সময় আজ বুধবার বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সেখানে সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার। এই সফরে চিকিৎসকসহ ১৫ জন খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন। তাদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি রহমানও আছেন।