স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায়

মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় পুলিশ হেফাজতে থাকা যুবদল নেতাকে বিএনপি কর্মীদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় না দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশ দেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেল তিনটায় সিরাজদিখান উপজেলার কুসুমপুর এলাকায় ঢাকা ব্যাংক আয়োজিত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় প্রশাসনের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন।

প্রসঙ্গত, শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে যুবদল নেতা তরিকুলকে ছিনিয়ে নেন স্থানীয় নেতাকর্মীরা। শনিবার রাতে তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

উপদেষ্টা জানান, শ্রীনগর থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩১ নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মূল অভিযুক্তসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটলে অভিযুক্তরা প্রভাবশালী কিংবা কোনো দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা স্বীকার করেন, সম্প্রতি মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *