৫ কর্মকর্তাকে প্রত্যাহার বিদেশে কর্মরত , দেশে ফেরার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিশ্বের পাঁচ দেশের বাংলাদেশ দূতাবাস-হাইকমিশনে কর্মরত পাঁচ কর্মকর্তাকে পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের দেশে ফিরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কর্মকর্তারা হলেন- পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) তৈয়ব আলী, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কন্স্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশ-এর প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ইমরানুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশস্থ বাংলাদেশ মিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়াধীন প্রেস উইংগুলোতে কর্মরত এসব কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল হতে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য আগামী ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ২৪ নভেম্বর ভারতের নয়া দিল্লি এবং যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস উইংয়ের দুই সাংবাদিককে প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ হাইকমিশনের যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেয়েছেন বিবিসি ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন মজুমদার। আর নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ।
জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের দুই বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *