খুলনাকে ৪৫ রানে হারাল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক
বিপিএলে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল চট্টগ্রাম কিংস। চট্টগ্রাম পর্বের শুরুর দিনে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ মিঠুনদের প্রতিপক্ষ ছিল খুলনা টাইগার্স। আগে ব্যাট করে খুলনাকে ২০১ রানের বড় লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজরা নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান করলে ৪৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গড়বড় করে ফেলে খুলনা। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দলটি। ৮ বলে ৩ রান করে ফিরে যান ডম শিবলি। এরপর আরেক ওপেনার মোহাম্মদ নাইমের সঙ্গে দারুণ কিছুর আভাস দিয়েছিলেন অধিনায়ক মিরাজ। তবে এ জুটিও বড় হয়নি।

ব্যাত হাতে মাঠে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন মিরাজ। ৩ চার আর ১ ছয়ে মারকুটে এক ইনিংসেরই আভাস দিয়েছিলেন খুলনার অধিনায়ক। তবে শরিফুল ইসলামের বলে মিঠুনের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এদিকে দলীয় ৩০ রানে মিরাজ আউট হওয়ার পর ইনিংস বড় করতে পারেননি নাইমও।

নাইম আউট হন ৭ বলে ৯ রান করে। দলীয় ৪২ রানেই নাইম ফেরার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ১৫ বলে রান করে আফিফ হোসেন এবং ৩১ বলে ৩৭ রান করে দারুইশ রাসুল আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে খুলনা ৯ উইকেটে ১৫৫ রান করলে ৪৫ রানের জয় নিশ্চিত হয় চট্টগ্রামের।

এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের হয়ে দুর্দান্ত খেলেছেন গ্রাহাম ক্লার্ক। দলীয় ১৮ রানেই ওপেনার উসমান খান আউট হলেও এরপর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের সঙ্গে বড় জুটি গড়েছিলেন ক্লার্ক। ১২৮ রানের জুটি গড়ার পথে ২৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরেন ইমন। তবে ইমন ফিরলেও সেঞ্চুরি করেছেন ক্লার্ক। ৪৮ বলে শতক হাঁকানো ক্লার্ক শেষ পর্যন্ত ফিরেছেন ৫০ বলে ১০১ রান করে। তাঁর এই ইনিংসের সুবাদেই ২০০ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *