পুরস্কার নেননি তামিম যে কারণে বিসিবি সভাপতির কাছ থেকে

স্পোর্টস ডেস্ক
বিপিএলের চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক জয় পেয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করে বরিশালকে বড় লক্ষ্য দিতে পারেনি ঢাকা ক্যাপিটালস। ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবালের ৬১ রানের ইনিংসের সুবাদে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

দলকে জেতানোর পথে তামিম আজ তুলে নিয়েছেন এবারের আসরে নিজের দ্বিতীয় ফিফটি। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়কই। তবে পুরস্কার বিতরণের সময় তামিমের মঞ্চে না ওঠা অনেকের মনেই কৌতূহল জাগিয়েছে।

আজ ম্যাচ শেষে পুরস্কার বিতরণের সময় তামিমের হয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে আসেন নাজমুল হোসেন শান্ত। এদিকে বরিশালের দলীয় সূত্রে জানা গেছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় তামিম মঞ্চের পাশে গয়েই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু অনেক সময় দাঁড়িয়ে থাকার পরও যিনি পুরস্কার দেবেন, অর্থাৎ বিসিবি সভাপতি ফারুক আহমেদ মঞ্চে আসেননি।

বিসিবি সভাপতির আসতে দেরি হওয়ার কারণেই তামিম সেখান থেকে চলে যান। এ কারণেই তামিমের বদলে তাঁর ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করেন শান্ত।

এদিকে ম্যাচশেষে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, বোর্ডে কোনো দায়িত্ব নিতে চলেছেন কি না। এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘এই মুহূর্তে নয় (বোর্ডে আসা)। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখন তো অবসরে। প্রিমিয়ার লিগটা সময়মতো হলে সেটাও খেলব। যতটুকু সম্ভব খেলতে থাকব। আমার মনোযোগ থাকবে খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে। এসব নিয়েই ব্যস্ত থাকব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *