স্পোর্টস ডেস্ক :
আগামী মাসে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। আসন্ন এ টুর্নামেন্টের জন্য গতকাল দল ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার অধিনায়কত্বে আইসিসির এ মেগা ইভেন্টে খেলবে সাবেক চ্যাম্পিয়নরা। এবারের আসরে রোহিতের সহকারী হিসেবে থাকছেন শুবমান গিল, আর উইকেটরক্ষক হিসেবে থাকছেন রিশব পন্ত।
এদিকে ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সহকারী অধিনায়ক আর উইকেটরক্ষক কে হবেন তা নিয়ে প্রধান নির্বাচক অজিত আগারকার ও অধিনায়ক রোহিতের সঙ্গে লড়াই হয়েছে প্রধান কোচ গৌতম গম্ভীরের। আর লড়াইয়ে জয় হয়েছে রোহিত-আগারকারের।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার জানিয়েছে, উইকেটরক্ষক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাঞ্জু স্যামসনকে চেয়েছিলেন গম্ভীর। আর রোহিত চেয়েছিলেন পন্তকে। কিন্তু শেষ পর্যন্ত পন্তই দলে জায়গা পেয়েছেন। আর সহকারী অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দিতে চেয়েছিলেন গম্ভীর। তবে শেষ পর্যন্ত গিলকেই সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ভারতের হয়ে ৩১টি এক দিনের ম্যাচ খেলে মাত্র একটি শতরান করেছেন পন্ত, তাঁর সংগ্রহ ৮৭১ রান। পন্তের গড় ৩৩.৫০। সাঞ্জু ১৬টি ম্যাচে ভারতের হয়ে ৫১০ রান করেছেন। তিনিও একটি শতরান করেছেন। সঞ্জুর গড় ৫৬.৬৬। গম্ভীরের অধীনে টি-টোয়েন্টি দলে নিয়মিতই সুযোগ পাচ্ছেন স্যামসন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তিনি থাকবেন-এমন আলোচনাও ছিল। তবে শেষ পর্যন্ত স্যামসঙ্কে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে।