স্পোর্টস ডেস্ক :
বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতকে ৩-১ ব্যবধানে হারানোর পর অস্ট্রেলিয়ার সামনে এবার মিশন শ্রীলঙ্কা। দুই টেস্টের সিরিজ খেলতে দেশটিতে সফরে যাবে অজিরা। তবে এ সিরিজে দলে থাকবেন না প্যাট কামিন্স। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে তাই নেতৃত্বের ভার থাকবে স্টিভ স্মিথের কাঁধে।
তবে আসন্ন সিরিজে স্মিথের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিগ ব্যাশে খেলার সময় কনুইয়ে চোট পেয়েছেন স্মিথ। এ কারণে লঙ্কানদের বিপক্ষে সিরিজে স্মিথ খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
কনুইয়ের চোট স্মিথের জন্য নতুন কিছু নয়। আগেও বেশ কয়েকবার ভুগেছেন তিনি। এবার ডান হাতের কনুইয়ে চোট পেয়েছেন ২০১৯ সালে সিডনি সিক্সার্সের হয়ে খেলার সময় বল থ্রো করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি, সে সময় অস্ত্রোপচারও করতে হয়েছিল তাঁকে।
এদিকে শ্রীলঙ্কা সফরের আগে আবুধাবিতে অনুশীলন ক্যাম্প করছে অস্ট্রেলিয়া, তবে চোটের কারণে দলের সঙ্গে আবুধাবিতে যাওয়া হয়নি স্মিথের।
এদিকে ক্রিকেক্ট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, আগামী সপ্তাহেই স্মিথ দলের সঙ্গে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে। এদিকে শেষ পর্যন্ত স্মিথ যদি সিরিজে খেলতে না পারেন, তাহলে তাঁর বদলে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ট্রাভিস হেডকে।