স্পোর্টস ডেস্ক :
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছে ভারত। প্রধান নির্বাচক অজিত আগারকারকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারের নাম জানানো হয়েছে। আসন্ন এ টুর্নামেন্টের জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের উপরই ভরসা রেখেছে ভারতের টিম ম্যানেজম্যান্ট, সেই সঙ্গে দলে আছেন তরুণরাও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হিসেবে থাকবেন শুবমান গিল। চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ শামিও, জশপ্রীত বুমরা চোট থেকে এখনো সুস্থ না হয়ে ওঠলেও তাঁকে রাখা হয়েছে দলে। এদিকে ব্যাক আপ ওপেনার হিসেবে দলে আছেন ওয়ানডেতে অনভিষিক্ত যশ্বসী জয়সোয়াল।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের। সেই সঙ্গে দলে নেওয়া হয়নি মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদবকেও। আর সূর্যকে দলে না দেখেই অবাক হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। আসন্ন টুর্নামেন্টে ভারতের এক্স-ফ্যাক্টর হতে পারতেন সূর্য, এমনটা জানিয়ে নিজের হতাশার কথাও বলেছেন রায়না।
রায়না বলেন, ‘ভারতের শক্তিশালী দলই গড়েছে। আমার বিশ্বাস, রোহিত আবার দেশকে গৌরবান্বিত করবে। কিন্তু আমি অবাক হয়েছি দলে সূর্যকুমারকে না দেখে। টুর্নামেন্টে মাঝের ওভারগুলোতে সূর্যকে মিস করবে ভারত, মাঝের ওভারগুলোতে এক্স-ফ্যাক্টর হতে পারতো সূর্য। ২০২৩ বিশ্বকাপে আমরা সূর্যর খেলা দেখেছি, মাঠের সব জায়গা দিয়েই সে রান করেছে, এ কারণেই ওকে মিস্টার ৩৬০ ডিগ্রী ডাকা হয়।’
রায়না আরও বলেন, ‘সূর্যকুমার দারুণ সুইপ শট খেলে, খেলার মোর ঘুরিয়ে দিতে পারে ও। বড় দলগুলোর সঙ্গে খেলায় ৯ রানরেটও চেজ করতে পারে। তাই ওকে দলে রাখা দরকার ছিলো। খেলা হবে দুবাইয়ে, দুবাইয়ের মাঠে সূর্য খুব ভালো খেলতে পারতো।’