তল্লাশি রোম থেকে আসা বিমানে , কিছুই মেলেনি

নিজস্ব প্রতিবেদক :
ইতালির রোম থেকে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইট ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করে বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি।

বোমা হামলার হুমকির পর তল্লাশি চলাকালীন বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোটা বিমান তল্লাশি করে কোনো বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে। কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায়নি। থ্রেট ও তল্লাশির বিষয়ে গণমাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।
বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেয়া হয়। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওই হুমকির পর তল্লাশির জন্য ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেয়া হয়।
এদিকে, সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। এরপর বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালিয়েছে। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই ছিল। সেগুলো একে একে তল্লাশি করা হয়।

এছাড়া যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। বিমানটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *