জ্যেষ্ঠ প্রতিবেদক :
মালয়েশিয়া যেতে না পেরে কারওয়ানবাজারে সড়ক অবরোধ করা প্রবাসীরা সড়ক ছেড়েছেন। পুলিশের অনুরোধে সড়ক ছাড়ার পর এখন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান করছেন তারা।
বুধবার (২২ জানুয়ারি) সকালে কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করেন প্রবাসীরা। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করেন তারা। এর ফলে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পুলিশের অনুরোধে তিন ঘণ্টা পর সড়ক ছেড়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যান তারা।
প্রবাসীদের সড়কে অবস্থান নেওয়ায় ফার্মগেট, বাংলামোটর ও পান্থপথ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। পরে ট্রাফিক পুলিশের সদস্যরা গেলে তাদের সঙ্গে প্রবাসীদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের অনুরোধ সেই স্থান ত্যাগ করে হেঁটে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা হন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
প্রবাসী কর্মীরা জানিয়েছে, প্রবাসী উপদেষ্টা আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।