বিশ্বকাপজয়ী অধিনায়ক হল অব ফেমে অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি মাইকেল ক্লার্ক। তাঁর অধীনে একবার ওয়ানডে বিশ্বকাপও জিতেছে অজিরা। দলকে বিশ্বকাপ জেতানোর স্বীকৃতি হিসেবে সাবেক এই অধিনায়ক এবার জায়গা করে নিয়েছেন হল অব ফেমে।

ক্লার্ক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় এক দশক হয়েছে। ৪৩ বছর বয়সী সাবেক অজি অধিনায়ককে এই সম্মাননা দেওয়া হয়েছে বৃহস্পতিবার। অজিদের ৬৪তম ক্রিকেটার হিসেবে এই সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

১৭ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে পা রাখেন ক্লার্ক। নিজের ক্যারিয়ারে ১১৫টি টেস্টে খেলেছেন তিনি। অধিনায়ক হিসেবে ৪৭ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার। ২০১৫ সালে তাঁর অধীনেই বিশ্বকাপ জিতে অজিরা।

সাদা পোশাকে দেশের হয়ে ৮৬৪৩ রান করেছেন ক্লার্ক, একদিনের ক্রিকেটেও তিনি করেছেন ৭৯৮১ রান। তাঁর নামের পাশে আছে ২৮টি সেঞ্চুরি। ষষ্ঠ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরিও করেছেন তিনি।

এদিকে দারুণ এই সম্মাননা পাওয়ার পর বেশ উতফুল্ল ক্লার্ক। তিনি বলেন, এত সুন্দর খেলোয়াড়দের, আদর্শের, শৈশবে বড় হয়ে ওঠার সময় দেখে বড় হওয়া রোল মডেলদের সঙ্গে বসতে পারা আমার জন্য একটি সম্মানের বিষয়।

ক্লার্ক আরও বলেন, যখন আপনি সর্বোচ্চ স্তরে খেলেন, লোকেরা আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে কথা বলে। তবে আমার ক্ষেত্রে এটি ছয় বছর বয়সে শুরু হয়েছিল। আমি ৩৪ বছর বয়সে অবসর গ্রহণ করেছিলাম, এটিই (ক্রিকেট) ছিল আমার জীবন। এটি (ক্রিকেট) এখনও আমার জীবনের একটি অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *