স্পোর্টস ডেস্ক :
২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। তবে আইসিসির ঘোষিত দলে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। এমনকি অবাক করার মতো ব্যাপার হলো, আইসিসির ঘোষিত বর্ষসেরা ওয়ানডে দলে কোনো ভারতীয় ক্রিকেটারও নেই।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে আছেন শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা। একাদশে ওপেনার হিসেবে আছেন পাকিস্তানের সাইম আইয়্যুব ও আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ।
এরপর তিন ও চার নম্বরে আছেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। বর্ষসেরা একাদশের উইকেটরক্ষক হিসেবেও আছেন মেন্ডিসই। এরপরই ৫ নম্বরে আছেন আসালাঙ্কা। ছয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।
বর্ষসেরা দলে আরও আছেন আজমতউল্লাহ ওমরজাই, অলরাউন্ডার হিসেবে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বোলিংয়ে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আরও থাকছেন হারিস রউফ ও আফগানিস্তানের গজনফর।
বর্ষসেরা দলে পাকিস্তানের তিনজন ক্রিকেটার আছেন, সবচেয়ে বেশি চারজন ক্রিকেটার আছে শ্রীলঙ্কার। এছাড়া আফগানিস্তানের তিনজন এবং ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার জায়গা পেয়েছেন এ দলে। এছাড়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারও বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাননি।