বিনোদন ডেস্ক :
সদ্যবিদায়ী বছর অভিনেত্রী ফারিন খান সিদ্ধান্ত নেন ২০২৫ আলাদাভাবে সাজানোর। গুছিয়ে কাজের ইচ্ছা নিয়ে শুরু করেন পথচলা। সময়ও পক্ষে অভিনেত্রীর। দর্শক, সমাদর, পুরস্কার, প্রত্যাশিত কাজ তার দোরগোড়ায়। সব মিলিয়ে বছরের শুরুতেই জমিয়ে দিয়েছেন এ তারকা।
ফারিনও তাই মনে করছেন। ঢাকা মেইলকে বলেন, ‘বছরের শুরুটা শীতের মতোই জমে গেছে। ২০২৪-এ বলেছিলাম, ২০২৫ অন্যভাবে সাজাতে চাই। গুছিয়ে সুন্দরভাবে এগুতে চাই। সেভাবেই চলছি। ছয় মাসে একটি কাজ হোক অসুবিধা নেই তবে সেটা যেন ছয় যুগ মনে রাখার মতো হয়।’
ভালোবাসা দিবস উপলক্ষে ‘আজান’ নামের একটি কাজ শেষ করেছেন। এটি নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী। তিনি বলেন, ‘‘এটি আমার সেরা কাজগুলোর একটি হতে যাচ্ছে। গুণী নির্মাতাদের সঙ্গে আমার কাজ কম। এটা নিয়ে আক্ষেপ ছিল। ‘আজান’ সে আক্ষেপ মেটাবে বলে মনে হচ্ছে। আমরা দুই দিন রিহার্সাল করেছি, টিমের সঙ্গে পরিকল্পনা করেছি। সবার শতভাগ প্রচেষ্টা ছিল। আকবর হায়দার মুন্না ভাই গুণী পরিচালক। খায়ের (খায়ের খন্দকার) ভাই অভিজ্ঞ ক্যামেরাম্যান। ইরফান সাজ্জাদ একজন গুণী অভিনয়শিল্পী। খুব আন্তরিকভাবে আমার সঙ্গে কাজটি করেছেন।’’
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও বিনয়ী ফারিন। বোঝা গেল তার ভাষ্যে। অভিনেত্রী বলেন, ‘‘আমি খুব ছোট মানুষ। অভিনয়ের জায়গায় হয়তো দুর্বলতা আছে। তবে প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করছি। ‘আজানে’ এতগুলো গুণী মানুষের সঙ্গে তাল মেলাতে পারাটা চ্যালেঞ্জ ছিল। কেননা দশ জনের মধ্যে একজন দুর্বল হলে সে চিন্তায় থাকে। মনে মনে ভাবে— আসলেই কি বৈতরণী পার হতে পারবে। আমিও এরকম চিন্তায় ছিলাম। তাই নিজের দায়িত্ববোধের জায়গা থেকে চাপ নিচ্ছিলাম।’’
যদিও টিমের সবাই খুব সন্তুষ্ট ফারিনের কাজে। তবে তিনি ভার দিলেন দর্শকের ওপর। বললেন, জানি না কতটা ভালো করতে পেরেছি। দর্শক বলতে পারবেন। তবে আমি তৃপ্ত হই না। নিজের কাজ নিয়ে শতভাগ সন্তুষ্ট হলে তো স্পৃহাটা থাকবে না। ওই জায়গা থেকে প্রতিটি কাজের পর মনে হয় আরও ভালো করতে পারতাম। ক্ষুধাটা জিইয়ে রাখি যাতে দর্শকের জন্য আরও ভালো ভালো কাজ করতে পারি।’
‘আজানে’র গল্পে শতভাগ সন্তুষ্ট ফারিন। স্পষ্ট তার কথায়। বলেন, ‘‘আজান’ অন্যরকম একটি গল্প। ভালোবাসা দিবসে ভালো ভালো সব কাজ আসবে। মেধাবী শিল্পীদের কাজ আসবে। জানি না সেই যুদ্ধে টিকে থাকা আমার জন্য কতটা সহজ হবে। তবে ‘আজানে’র গল্প যুদ্ধে জয়ী হওয়ার মতো যোগ্যতা রাখে।’’
নতুন বছর নিয়ে খুবই সন্তুষ্ট ফারিন। তার ভাষ্য, ‘২০২৫ আমাকে অনেক সারপ্রাইজ দিচ্ছে। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের নোমিনেশন পেয়েছি। জয় আহসান মেহজাবীন চৌধুরী, বিজয়ী বরকতউল্লাহ, আনিকা কবির শখের মতো গুণী অভিনেত্রীদের সঙ্গে মনোনয়ন পেয়েছি। তাদের কেউ এক দশক কেউ দেড় দশক আবার কেউ দুই দশক ধরে দাপটের সঙ্গে কাজ করছেন। আর আমার ক্যারিয়ার মাত্র এক বছরের। পুরস্কার পাব কিনা জানি না তবে তাদের সঙ্গে নমিনেশন পেয়েছি সেটাই আমার কাছে পুরস্কার।’
ব্যস্ততা ফারিনকে দেয় না অবসর। নাটক, ওটিটি— দুই মাধ্যমেই তার চাহিদা। ফিরিস্তি দিয়ে বলেন, ‘ইবনে বকরের পরিচালনায় আরও একটি কাজ করছি। এটিও ভালোবাসা দিবস উপলক্ষে। সহশিল্পী ইরফান সাজ্জাদ। ওটিটিতেও কয়েকটি কাজ নিয়ে কথা চলছে।’
ফারিনের শুরুটা হয়েছিল চলচ্চিত্রের মাধ্যমে। তবে সেখানে থিতু না হয়ে কাজ করছেন ছোটপর্দায়। বড়পর্দা নিয়ে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘‘আমাকে ‘টগর’ ও ‘পিনিক’ সিনেমা দুটির জন্য বলা হয়েছিল। মনে হয়েছে সিনেমার জন্য আমি এখনও তৈরি না। তাই যুক্ত হয়নি।’’