স্পোর্টস ডেস্ক :
ক্রীড়াদুনিয়ার সঙ্গে রুপোলি পর্দার তারকাদের প্রেম নতুন নয়। সে ক্রিকেট, হকি কিংবা ফুটবল! তারকাজুটিদের রসায়ন বারবার শিরোনামে এসেছে। বাইশ গজের সঙ্গে বিনোদন জগতের তারকাদের মধুর দাম্পত্যের প্রকৃত উদাহরণের তালিকায় বিরাট-অনুষ্কা, হরভজন-গীতা বসরা থেকে কেএল রাহুল-আথিয়া শেট্টি-সহ আরও অনেকেই রয়েছেন।
সেই তালিকাতেই নতুন সংযোজন কিংবদন্তি ভারতীয় গায়িকা আশা ভোসলের নাতনি জানাই ভোসলে। জন্মদিনের পার্টিতে মোহাম্মদ সিরাজের সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি দেখেই জল্পনার পালে আরও হাওয়া লেগেছে।
জানাই ভোসলের জন্মদিন উপলক্ষে জমজমাট এক পার্টির আয়োজন হয়েছিল। বলিউডের অনেকেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই তারকাখচিত সেই পার্টির বেশ কিচু ছবি আপাতত নেটপাড়ায় চর্চায়। আর সেখানেই জ্বলজ্বল করছে জানাই ভোঁসলের সঙ্গে ক্রিকেটার মোহাম্মদ সিরাজের ছবি। একে-অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছেন। যুগলের রসায়ন আর প্রেমমাখা চাহনি দেখে দুয়ে দুয়ে চার করতে অসুবিধে হয়নি নেটিজেনদের।
যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশার নাতনির সঙ্গে বাইশ গজের তারকার প্রেমের গুঞ্জন দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। সদ্য তেইশে পা রেখেছেন জানাই। পরিচালক সন্দীপ সিংয়ের ‘দ্য প্রাইড অফ ভারত- ছত্রপতি শিবাজি মহারাজ’ ছবিতে ছত্রপতির স্ত্রী রানি সাইয়ের ভূমিকায় অভিনয় করছেন আশা ভোসলের নাতনি। চলতি বছরেই সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা।
জন্মদিন উপলক্ষে বান্দ্রার এক বিলাসবহুল হোটেলে জানাই ভোসল পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন জ্যাকি শ্রফ, শ্রদ্ধা কাপুর, আয়েশা খান-সহ বলিপাড়ার আরও অনেকেই। আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হন মোহাম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, সিদ্ধেশরা। প্রত্যেকের সঙ্গেই ছবি তুলেছেন বার্থডে গার্ল। তবে নেটপাড়ার নজরে সিরাজের সঙ্গে জানাইয়ের রসায়ন।
ভারতের গণমাধ্যমের তথ্য অনুসারে বেশ কদিন ধরেই সিরাজের সঙ্গে নাকি মায়ানগরীর ইতি-উতি দেখাও গিয়েছে জানাই ভোসলেকে।