স্পোর্টস ডেস্ক :
রংপুর রাইডার্স ইতোমধ্যেই বিপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। তবে শেষ চারে খেলা এখনো নিশ্চিত নয় খুলনা টাইগার্সের। এ দুই দলই আজ মাঠে নেমেছে দিনের প্রথম ম্যাচে। টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে নাইম শেখের অপরাজিত ঝড়ো সেঞ্চুরিতে ২২০ রানের বিশাল সংগ্রহ গড়েছে খুলনা।
আগে ব্যাট করতে নেমে খুলনার দুই ওপেনারই শুরুটা করেছিলেন আগ্রাসী। তবে উদ্বোধনী জুটিতে ৩২ রানের বেশি পায়নি দলটি। ১২ বলে ১ চার আর ২ ছয়ে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজ আউট হলেও আরেক ওপেনার নাইম শেখ আজ খেলেছেন ঝড়ো এক ইনিংস। আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখাও পেয়েছেন তিনি।
মিরাজ ফেরার পর ক্রিজে নাইমের সঙ্গী হন অ্যালেক্স রস। তবে রস আজ সুবিধা করতে পারেননি। ১৪ বলে ১২ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। এরপর নাইমের সঙ্গী হন আরেক বিদেশি ক্রিকেটার উইলিয়াম বসিস্টো। তিনি আজ খেলেছেন ২১ বলে ৩৬ রানের ইনিংস। তবে খুলনার সংগ্রহ বড় হয়েছে নাইমের শতকে।
৩৩ বলে ফিফটি করা নাইম আজ সেঞ্চুরি করেছেন ৫৫ বলে, শেষ পর্যন্ত তিনি ৬২ বলে ১১ রান করে ছিলেন অপরাজিত। এছাড়া শেষদিকে ১৫ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কণ। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রানের বিশাল সংগ্রহ পায় খুলনা।