শ্রীলঙ্কায় খাজার রেকর্ড প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে

স্পোর্টস ডেস্ক :
বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতকে হারিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অজিরা এখন আছে শ্রীলঙ্কা সফরে। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলছে সফরকারীরা, গোলে প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই রানপাহাড় গড়েছে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দল।

গলে আগে ব্যাট করে প্রথম ইনিংসে অজিদের ৬৪৭ রানের রানপাহাড় গড়ার পথে বড় ভূমিকা রেখেছেন উসমান খাজা। অজি এই ব্যাটার প্রথম দিনেই সেঞ্চুরি করার পর আজ দ্বিতীয় দিনে পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা।

২৯০ বলে ডাবল সেঞ্চুরি করা খাজা আজ আউট হয়েছেন ২৩২ রান করে। তবে দ্বিশতক হাকিয়েই প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে দারুণ এক রেকর্ড গড়েছেন এই ওপেনার। প্রথম অজি ব্যাটার হিসেবে শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি।

লঙ্কানদের মাটিতে এর আগে সর্বোচ্চ ১৬৬ ছিল আরেক বাঁহাতি ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের। এদিকে এই ডাবল সেঞ্চুরিতে কিংবদন্তি ডন ব্র্যাডিম্যানের স্মৃতিও ফিরিয়েছেন খাজা। ডন ১৯৪৬ সালে একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন ৩৮ বছর ১০৮ দিন বয়সে, একই সালে আরেকটি করেছিলেন ৩৯ বছর ১৪৯ দিন বয়সে।

আর খাজা নিজের প্রথম ডাবল সেঞ্চুরিটি পেয়েছেন ৩৮ বছর ৪২ দিন বয়সে। তাই ডনের পর সবচেয়ে বেশি বয়সে লাল বলের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা অজি ব্যাটারও এখন খাজাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *