আন্তর্জাতিক ম্যাচ—প্রশ্ন অশ্বিনের ভারত কি ভুলে গিয়েছিল এটা

স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ মাঠে নেমেছে ভারত। ঘরের মাঠে ৫ ম্যাচের সিরিজ ইতোমধ্যেই জিতেছে সূর্যকুমার যাদবের দল। তবে পুনেতে যে ম্যাচ জিতে ভারত সিরিজ সিরিজ নিশ্চিত করেছে সেই ম্যাচ নিয়ে বিতর্ক যেন থামছেই। আলোচনা-সমালোচনায় এবার যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

ইংলান্ডের বিপক্ষে সেই ম্যাচে মাথায় আঘাত পেয়ে উঠে গিয়েছিলেন শিবম দুবে। পরে কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন হার্ষিত রানা। এই রানাই পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। এদিকে আইসিসির কনকাশন বদলির নিয়ম অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কোনো ক্রিকেটার আর খেলতে না পারলে তাঁর বদলে যিনি নামবেন তাঁকে অবশ্যই আঘাত পাওয়া খেলোয়াড়ের মতো হতে হবে।

অর্থাৎ, আঘাত পাওয়া ক্রিকেটার বোলার হলে কনকাশন বদলি হিসেবে বোলার নামাতে হবে, আঘাত পাওয়া ক্রিকেটার স্পিনার বা ব্যাটিং অলরাউন্ডার হলে কনকাশন বদলিও হবেন স্পিনার বাঁ ব্যাটিং অলরাউন্ডার।

এদিকে দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, তাঁর কনকাশন বদলি হিসেবে নামা রানা ছিলেন মূলত বোলার। এ নিয়েই ম্যাচ শেষে অভিযোগ জানিয়েছে ইংল্যান্ড। এমনকি দেশটির সাবেক ক্রিকেটাররা কড়া সমালোচনাও করেছেন। এবার এ বিষয়ে মুখ খুলেছেন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে অশ্বিন বলেন, ‘ম্যাচ শেষ। ভারত ঘরের মাঠে আরেকটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। কিন্তু এই ম্যাচটি যেন আইপিএলের প্রতিরূপ। সেখানে সুপারসাব ছিল এবং একজন ইমপ্যাক্ট প্লেয়ার খেলানো হয়েছিল।’

আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ভারত ভুলে গিয়েছিল কি না জানতে চেয়ে অশ্বিন আরও বলেন, ‘মূল আলোচনাটা হলো হর্ষিত রানা কীভাবে শিবম দুবের কনকাশন বদলি হিসেবে খেলতে নামল। আমরা কি ভুলে গিয়েছিলাম এটা একটা আন্তর্জাতিক ম্যাচ ছিল, আইপিএল ম্যাচ নয়? আমি ব্যাপারটা বুঝতে পারছি। অতীতেও এমন হয়েছে। ক্যানবেরায় রবীন্দ্র জাদেজা মাথায় আঘাত পেয়েছিল। তার জায়গায় যুজবেন্দ্র চাহাল খেলেছিল। সেই বার অন্তত একজন স্পিনারের পরিবর্তে স্পিনার খেলতে নেমেছিল।’

দুবের পরিবর্তে রমনদীপ সিংকে বদলি হিসেবে নামানো যেতো জানিয়ে অশ্বিন আরও বলেন, ‘স্কোয়াডে যদি একই ভূমিকার দুজন খেলোয়াড় না থাকত, তাহলে না হয় বলা যেত হর্ষিত রানা কিছুটা ব্যাট পারে এবং শিবম দুবে কিছুটা বল পারে, তাই একজনের পরিবর্তে আরেকজনকে খেলানো হলো। কিন্তু স্কোয়াডে রমনদীপ সিং ছিল। তার ভূমিকা ও দুবের ভূমিকা এক। অথচ রমনদীপ বাইরে (ডাগআউটে) বসে ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *