কেউ হজে যেতে না পারলে ব্যবস্থা এজেন্সির গাফলতিতে ‍: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে কেউ হজে যেতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে কোনো হজযাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। কোনোভাবেই সৌদি সরকার কিংবা ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই দায় বহন করবে না। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ১৪ ফেব্রুয়ারির মধ্যেই মিনায় ও আরাফায় তাঁবু ও ক্যাটারিংয়ের জন্য সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি, বাড়ি বা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি, পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তি এবং ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যাটারিং সেবাদানকারী কোম্পানির সঙ্গে চুক্তি করতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না।

তিনি বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ১৩ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এদিকে বিমান ভাড়া কমাতে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না। টিকিটের জন্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নিশ্চিত না হলে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *