কিছুটা কমে স্বর্ণের দামে বড় লাফ, নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
টানা ছয় দফা বেড়ে দেশের বাজারে কিছুটা কমেছিল স্বর্ণের দাম। তবে সেই দাম ১২ ঘণ্টাও স্থায়ী হয়নি। আবারও ধাতব পণ্যটির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে বেড়েছে ৬ হাজার ২৯৯ টাকা। এতে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়েছে। দেশের ইতিহাসে এত বেশি দামে স্বর্ণ আগে বিক্রি হয়নি।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা আজ দুপুর সোয়া ১২টা থেকে কার্যকর হয়।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

সোনার দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা।

বৈধপথে স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের সহযোগিতা করবে এনবিআর
সবশেষ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা।

এর আগে ২১ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা ছিল দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ১২ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম নয় দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে তিন দফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *