পাকিস্তানের সাহস নেই বিশ্বকাপ বয়কটের: রাহানে

স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, তা নিয়ে এখনো আলোচনা চলছে। যদিও দল ঘোষণা করা হয়েছে, তবু টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। তবে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে ও ক্রিকেটার অজিঙ্কা রাহানের মতে, বাস্তবে পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবেই।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। পাকিস্তান অংশ নেবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আজ বা আগামী সোমবার জানানো হতে পারে। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

হার্শা ভোগলে মনে করেন, পাকিস্তান ইচ্ছা করেই সিদ্ধান্ত জানাতে দেরি করছে। তিনি বলেন, “পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে। এটা নিশ্চিত। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেওয়া খুব সহজ নয়।”

তার মতে, বিশ্বকাপে না এলে পাকিস্তান ক্রিকেটের বড় ক্ষতি হবে। তিনি বলেন, “এটা কোনো ক্লাব ম্যাচ নয় যে খুশিমতো বাদ পড়বে। বিশ্বকাপে অংশ না নিলে এর প্রভাব অনেক বড় হবে।”

একই মত দিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেও। তিনি বলেন, “আমার মনে হয় না পাকিস্তান বিশ্বকাপ বর্জন করার সাহস দেখাবে। তারা খেলতে আসবেই।”

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। দর্শক, সম্প্রচারকারী ও স্পনসরদের আগ্রহ এই ম্যাচেই সবচেয়ে বেশি। তাই পাকিস্তান না খেললে আইসিসির বড় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

হার্শা ভোগলে আরও বলেন, “পাকিস্তান যদি সত্যিই না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে কেউ আলাদা করে তাদের অনুরোধ করবে না। তখন বলা হবে, না এলে না এসো।”

মূলত বাংলাদেশের সাম্প্রতিক অবস্থানের পর থেকেই পাকিস্তানের বর্জনের আলোচনা জোরালো হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতের বাইরে ভেন্যু চেয়েছিল। তবে আইসিসি সেই আবেদন নাকচ করে দেয় এবং জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। এমনকি প্রয়োজনে বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দল নেওয়ার কথাও বলে আইসিসি।

এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বৈঠক শেষে তিনি জানান, খুব শিগগিরই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *