স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না, এটা এখন চূড়ান্ত। দীর্ঘদিন ধরে অলস বসে থাকার কোনো উপায় নেই। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের ফিট রাখতে এবং ব্যস্ত রাখতে আয়োজন করছে একটি কন্ডিশনিং ক্যাম্প।
জনা যায়, এই ক্যাম্প শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জাতীয় দলের খেলোয়াড় এবং নিকটবর্তী বলয়ের (এ-লিস্ট) ক্রিকেটাররা এতে অংশ নেবেন। ক্যাম্প চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ে খেলোয়াড়রা ফিটনেস ট্রেনিং, ফিল্ডিং অনুশীলন এবং অন্যান্য কন্ডিশনিংয়ের কাজ করবেন, যাতে ফর্ম ও ফিটনেস ধরে রাখা যায়।
বিশ্বকাপ না খেলার কারণে খেলোয়াড়দের এই ফাঁকা সময়টা নিয়ে বিসিবি চিন্তিত ছিল। আগে একটা আলাদা টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবা হয়েছিল, কিন্তু সামনে জাতীয় নির্বাচন থাকায় এখনই বড় কোনো টুর্নামেন্ট করার অনুকূল পরিবেশ নেই। তাই এই কন্ডিশনিং ক্যাম্পই সেরা সমাধান হিসেবে দেখা হচ্ছে।
ক্যাম্প শেষ হওয়ার পর খেলোয়াড়রা নির্বাচনের জন্য কয়েকদিন ছুটি পাবেন। এরপর নির্বাচন মিটে গেলে বিসিবি আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টে থাকবে মোট চারটি দল। তিনটি দল গঠিত হবে জাতীয় দলের কাছাকাছি থাকা খেলোয়াড়দের নিয়ে। চতুর্থ দল হবে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপিইউ) ক্রিকেটারদের সমন্বয়ে।
টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজিত হবে রাজশাহী ও বগুড়াতে, আর ফাইনাল হতে পারে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এটি শুরু হবে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২ মার্চ পর্যন্ত। বিসিবি এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
আগে এই টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে করার কথা ছিল, কিন্তু বিশ্বকাপ না খেলায় জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য পরিকল্পনা বদলানো হয়েছে।