টি২০- বিশ্বকাপকে ‘বিশ্বকাপ’ মানতে চান না মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্ক
ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, ‘ক্রিকেট বিশ্বকাপ’ বলতে এখনো ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপকেই বোঝানো উচিত। তাঁর মতে, দুই বছর পরপর হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপকে একই মর্যাদা দেওয়া ঠিক নয়।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মাঞ্জরেকার লিখেছেন, “আমার কাছে ‘ক্রিকেট বিশ্বকাপ’ মানেই ৫০ ওভারের বিশ্বকাপ। দুই বছর পরপর হওয়া টি–টোয়েন্টি সংস্করণকে চার বছর পরপর হওয়া বিশ্বকাপের সমান মর্যাদা দেওয়া উচিত নয়। আমি বরং এর পুরোনো নামটাই পছন্দ করি, ওয়ার্ল্ড টি–টোয়েন্টি।”

মাঞ্জরেকারের এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন টেস্ট ও টি–টোয়েন্টির ভিড়ে ওয়ানডে ক্রিকেটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছে। চলতি মাসের শুরুতেই ভারতের আরেক সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও ২০২৭ বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেন, “২০২৭ বিশ্বকাপের পর ওয়ানডের ভবিষ্যৎ কী হবে, আমি নিশ্চিত নই। এটা নিয়ে একটু দুশ্চিন্তা আছে। বিজয় হাজারে ট্রফি আমি অনুসরণ করছি ঠিকই, কিন্তু সৈয়দ মুশতাক আলি ট্রফির মতো করে সেটা অনুসরণ করতে পারছি না।”

অশ্বিনের মতে, টি–টোয়েন্টির যুগেও টেস্ট ক্রিকেটের আলাদা জায়গা থাকবে। তবে ওয়ানডে ক্রিকেট সেই জায়গা ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান। “দর্শক আসলে কী দেখতে চায়, সেটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয় টেস্ট ক্রিকেটের জায়গা আছে, কিন্তু ওয়ানডের জায়গা আছে কি না, সেটা নিয়ে আমার সন্দেহ আছে,” বলেন ভারতের হয়ে ১১৬ ওয়ানডেতে ১৫৬ উইকেট নেওয়া এই অফ স্পিনার।

তিনি আরও বলেন, “রোহিত আর কোহলি যখন বিজয় হাজারে ট্রফিতে খেলতে ফিরল, তখন মানুষ সেটি দেখতে শুরু করল। আমরা জানি খেলাই বড়, ব্যক্তি নয়। কিন্তু অনেক সময় এমন খেলোয়াড়দের (রো-কো) ফিরে আসা খেলাটাকে আবার প্রাসঙ্গিক করে তোলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *