নিজস্ব প্রতিবেদক :
মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়ায় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা পরে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল–১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই গেজেট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ব্যক্তিরা ‘জুলাই যোদ্ধা’ ক্যাটাগরি ‘গ’ এর অন্তর্ভুক্ত ছিলেন। তাদের মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর জেলার পাঁচজন এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সাতজন রয়েছেন।
দিনাজপুর জেলার যাদের নাম গেজেট থেকে বাতিল করা হয়েছে তারা হলেন— তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা।
চাঁদপুর জেলার বাতিল হওয়া ব্যক্তিরা হলেন— মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল এবং মো. আব্দুল্লাহ আল মামুন।
প্রজ্ঞাপনে প্রত্যেক ব্যক্তির গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, বাবার নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে। তবে কেন এই ১২ জনের ‘জুলাই যোদ্ধা’ গেজেট বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ার প্রমাণ পাওয়ায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২৯ অক্টোবর মিথ্যা তথ্য প্রদান ও একাধিকবার নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগে ১২৮ জন ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।