আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের বিশ্বকাপে যাওয়া উচিত: ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক ;
নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। যদিও একজন সাবেক ক্রিকেটার হিসেবে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেখতে পারাটা তার জন্য কষ্টের, তারপরও তিনি মনে করেন সরকার ও ক্রিকেট বোর্ড ঠিক সিদ্ধান্তই নিয়েছে।

রোববার সিসিডিএম কাপের ফাইনালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, খেলোয়াড় হিসেবে তার মন খারাপ হলেও নিরাপত্তার ঝুঁকি ছিল বড় বিষয়। তিনি বলেন, “আমাদের কোনো খেলোয়াড়, দর্শক, সাংবাদিক বা কর্মকর্তা যদি দুর্ঘটনার শিকার হতেন, সেটার সম্ভাবনা ছিল অনেক। আমরা বারবার আইসিসির কাছে নিরাপত্তা নিয়ে ব্যাখ্যা চেয়েছি। কিন্তু তারা প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার বাইরে নতুন কোনো নিশ্চয়তা দিতে পারেনি।”

ফারুক জানান, শুধু সাধারণ নিরাপত্তা প্রটোকল যথেষ্ট মনে হয়নি। তার ভাষায়, “বিশ্বকাপে আমরা খেলতে পারিনি মূলত নিরাপত্তার কারণে। এর পেছনে অনেক কারণ ছিল। আইসিসি এমন কিছু করেনি, যাতে আমাদের সেখানে যাওয়া নিরাপদ মনে হয়। বিশেষ করে, নতুন কোনো বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি ছিল সরকারের। “সরকার যদি অনুমতি না দেয়, তাহলে যাওয়ার সুযোগ নেই। এটা সরকারের সিদ্ধান্ত ছিল, আর ক্রিকেট বোর্ড সেটাকে সমর্থন করেছে,” বলেন ফারুক।

এ প্রসঙ্গে তিনি জানান, পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করেছিল এবং পরবর্তীতে অনেক সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারও বলেছেন, বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া ঠিক হয়নি।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে নতুন করে বিশ্বকাপের সূচি ঘোষণা করে আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *