ভাইরাল ছবি নিয়ে ফারুক আহমেদ- ‘আঙুলটা আমার আঙুল না’

স্পোর্টস ডেস্ক ;
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক সময়ে পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে একের পর এক বিতর্কের জন্ম হচ্ছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি, যা নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে।

ছবিতে দেখা যায়, বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল ইসলামের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে। ফারুক আহমেদের আঙুল সোজা নাজমুলের দিকে তাক করা, পাশে খালেদ মাসুদ পাইলটও আঙুলের ইশারায় কিছু বলছেন, এমন দৃশ্য দেখে অনেকে ধরে নিয়েছেন যে বিসিবি অভ্যন্তরে বড় ধরনের অসন্তোষ বা ঝগড়া চলছে।

কিন্তু এই ছবির পেছনের আসল ঘটনা একেবারেই ভিন্ন। বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়ে গুজব পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, “ছবি দেখে গল্প বানানো সহজ, কিন্তু সত্যটা জানা জরুরি।”

ফারুক আহমেদ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছবিটিকে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমরা কথা বলার সময় হাত বন্ধ রাখতে পারি না, হাত চলতেই থাকে। তবে ওই আঙুলটা আমার আঙুল না, কোথা থেকে এসেছে জানি না।”

তিনি আরও বলেন, “ছবিতে একজন ভদ্রমহিলা ও তার বাচ্চা খেলা দেখছেন, তার মাঝখানে এমন কথাবার্তা কোনো ভদ্রলোক করতে পারেন না। আমার মনে হয় এটা সম্ভবত বানানো বা এআই দিয়ে তৈরি ছবি।”

ফারুক আরও যোগ করেন, প্রেসিডেন্ট বক্সে পরিচালকদের ছবি তোলায় সংশ্লিষ্ট ফটোসাংবাদিককে বিসিবি আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কোনো ছবির কনটেক্সট না জেনে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। এটা ভালো সাংবাদিকতা নয়।

পাইলটও ক্ষুব্ধ হয়ে বলেছেন, কিছু লোক শুধু ‘ভিউ’ পাওয়ার আশায় নেতিবাচক ও ভিত্তিহীন খবর ছড়াচ্ছে। তিনি দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন এবং গুজব এড়িয়ে সত্যের পথে থাকার অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *