আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২ মার্চ) বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়েছে, যা জানা গেছে মঙ্গলবার (৩ মার্চ)।

ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা আসিফ মাহমুদ স্থানীয় সরকারসহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। দায়িত্ব থাকাকালেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। তবে তিনি বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করেন।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপিতে সক্রিয় হন। ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি ভোটে লড়েননি। তবে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়তে পারেন বলে আলোচনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *