জেলা প্রতিনিধি, কুমিল্লা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, জনগণের রায়কে আদালতে নেওয়ার চেষ্টা করা হলে তাঁরা রাজপথে নামতে বাধ্য হবেন। সংবিধানের দোহাই দেওয়া হলে ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা’কেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে—বর্তমান সরকার তা মেনে নেবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। অযথা ‘জল ঘোলা’ না করার আহ্বান জানান নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কুমিল্লা নগরের স্টেশন ক্লাবে এনসিপির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে দলের সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেন, জুলাই সনদ নিয়ে প্রশ্ন উঠলে তারেক রহমানের প্রধানমন্ত্রীত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারসহ অন্যরা।