স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না বলেই জানিয়েছেন তিনি। এদিকে তামিম অবসর ঘোষণার পর থেকেই আলোচনায়, এবার কি তবে বিসিবির কোনো দায়িত্বে দেখা যাবে তামিমকে?
বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা শুরু হয়েছে আজ। দিনের প্রথম ম্যাচেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল। ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তামিম। তাঁর ফিফটিতেই দারুণ জয় পেয়েছে বরিশাল।
দলকে জেতানোর পর সংবাদ সম্মেলনে এসেচ্ছিলেন তামিম। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁকে বোর্ডে দেখা যাবে কি না। জবাবে তামিম বলেন, ‘এই মুহূর্তে নয়। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখন তো অবসরে। প্রিমিয়ার লিগটা সময়মতো হলে সেটাও খেলব। যতটুকু সম্ভব খেলতে থাকব। আমার মনোযোগ থাকবে খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে। এসব নিয়েই ব্যস্ত থাকব।’
বরিশালের কম্বিলেশন নিয়ে তামিম বলেন, ‘সামনের ম্যাচগুলোয় কিছু পরিবর্তন আসতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত তাড়াতাড়ি সম্ভব সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে। আমাদের প্রথম কয়েকটি ম্যাচে প্রায় একই একাদশ ছিল। আজকের কম্বিনেশনও বেশ ভালো ছিল।’
এদিকে চট্টগ্রামের মাঠের বাউন্ডারির মাপ নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘এবার বিপিএলের উইকেট খুবই ভালো। মিরপুর ও সিলেটের উইকেটও দারুণ ছিল। চট্টগ্রামের উইকেটের সঙ্গে বাউন্ডারির মাপও যথাযথ। এই ধরনের উইকেট এবং সঠিক সাইজের বাউন্ডারি থাকা উচিত।’