ক্রীড়া প্রতিবেদক :
গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের শিরোপা জয়ে টুর্নামেন্টজুড়ে দারুণ অবদান রেখেছিলেন সৌম্য সরকার। মহাগুরুত্বপূর্ণ ফাইনালে তিনি আরো দুর্দান্ত ব্যাটিং করেন। ৫৪ বলে তার ব্যাটে এসেছিল ৮৬ রানের ইনিংস। ৫ ম্যাচে ৪৭ গড় এবং ১৪২.৪২ স্ট্রাইকরেট নিয়ে তিনি টুর্নামেন্ট সর্বোচ্চ ১৮৮ রান করেন।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ। বিসিবির ডিজিট্যাল প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে সৌম্য দুই দলের শক্তি ও সামর্থ্যের পার্থক্য আমলে নিতে নারাজ বলেই জানান।
এবার জাতীয় দলের জার্সিতে নিজের সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া এই বাঁহাতি ব্যাটার। তবে দলীয় সাফল্যে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে টি-২০ সিরিজ বাংলাদেশ শুভসূচনা পাবে বলে তিনি আশাবাদী। সেজন্য ক্রিকেটারদের করণীয় কী, তাও জানালেন।
সৌম্য বলেন, ‘প্রথমত কিছুদিন আগেই আমি এখানে এসেছি। গ্লোবাল টি-২০ খেলেছি। কিছু ম্যাচ খেলার সুযোগ হয়েছে আমার। একটা ভালো সুযোগ ছিল। ভালো একটা টুর্নামেন্ট গিয়েছে। পরশু থেকে আমাদের টি-২০ সিরিজ শুরু হচ্ছে। কারা বড় দল, কারা ছোট দল তার চেয়ে বড় কথা হচ্ছে কারা মাঠে ৪০টা ওভার ভালো খেলবে মাঠে। ঐটার জন্য অপেক্ষা করতে হবে।’
জয়ের সম্ভাবনা প্রসঙ্গে পেরিস্কুপ শটের আবিষ্কারকের ভাষ্য, ‘ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- আমরা যদি তিনটা সাইডই ভালো করতে পারি এবং দলীয়ভাবে ভালো খেলতে পারি, আশা করি তাদেরকে হারাতে পারবো। টি-২০তে তারা ভালো দল। আমরা নিজেদের সেরাটা দিতে পারলে ম্যাচ জিততে পারবো।’
টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্রয়ে শেষ করতে পারলেও নিজেদের সবচেয়ে প্রিয় সাফল্যমণ্ডিত ওয়ানডে ফরম্যাটে এবার উইন্ডিজের বিপক্ষে সফরকারীরা হয়েছে হোয়াইটওয়াশ। একদিনের ক্রিকেটে লাল-সবুজের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না, সেটি সৌম্যর কথাতেও পরিষ্কার ফুটে উঠল। যদিও ব্যাটারদের রান পাওয়াটাকে তিনি ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত করেন।
‘ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবরই ভালো খেলে আসছিলাম। সর্বশেষ দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো বিষয় রয়েছে, আমরা ব্যাটসম্যানরা মিলে ৩০০ রান (শেষ ওয়ানডেতে) করছি। এটা একটা ভালো দিক।’
বোলারদের দারুণ পারফরম্যান্স টেস্ট সিরিজে দেখা গেলেও ওয়ানডে সিরিজে তা ছিল একেবারেই অনুপস্থিত। সাদা বলের ক্রিকেটে এমন বিবর্ণ পারফরম্যান্সেও হাল ছাড়ছেন না সৌম্য। আসন্ন টি-২০ সিরিজে টাইগার বোলাররা ঘুরে দাঁড়াবেন বলেই তার প্রত্যাশা।
‘আমাদের বোলাররা সবসময় ভালো বোলিং করে আসছে। এই (ওয়ানডে) সিরিজে সংগ্রাম করেছে। আমি আশা করি তারা সামনের টি-২০তে কামব্যাক করবে। পাশাপাশি আমরা যারা রান করছিলাম তারা যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে বোলার আর ব্যাটসম্যানরা মিলে (ভালো খেললে) একটা ভালো টুর্নামেন্ট হবে।’