জিতল আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই: ব্রাজিলের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক :
ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণ। যেকোনো টুর্নামেন্টে এই দুই দল মুখোমুখি হলে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। এবার দেশ দুটির মাঠের লড়াই ক্রিকেটেও দেখা গেল।
বুয়েন্স আয়ার্সের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে সোমবার (১৬ ডিসেম্বর) ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে গড়ানো ম্যাচে নেইমার-ভিনিসিয়ুসদের দেশকে ১১ রানে হারিয়েছে লিওনেল মেসির দেশ।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা আর্জেন্টিনা ৭ উইকেটে ১০৭ রান তুলেছিল। জবাবে ১৯.১ ওভারে ৯৬ রানেই গুটিয়ে যায় ব্রাজিল। আর্জেন্টিনার হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন ওপেনার অগাস্টিন রিভেরো। এছাড়া লুকাস রসি ২০ রান করেন। ব্রাজিলের হয়ে ১৬ রানে ৩ উইকেট নেন লুইস মরাইস।

লক্ষ্য তাড়ায় ব্রাজিল দলীয় ৩১ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে। টপ অর্ডারের পাঁচ ব্যাটের কেউ দুই অংকের ঘর ছুঁতে পারেননি। অবশ্য দুই মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ সালেম ২০ এবং মিচেল আসাঙ্কো ২৯ রান করে প্রতিরোধ গড়েছিলেন। আট নম্বরে নামা রিচার্ড অ্যাভেরি করেন ১১ রান। আর্জেন্টিনার হয়ে ৩ উইকেট নেন হারনান ফিনেল।

ক্রিকেটে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ এবারই প্রথম নয়। ২০১৯ সালে সাউথ আমেরিকান মেন্স চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ২৯ রানে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ বাছাইপর্বে আবারো তাদের লড়াইটা জমজমাট হলেও ব্রাজিল আবারো হারের স্বাদ পায়।

আট দলের বাছাইপর্ব থেকে শীর্ষ তিন দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। আর্জেন্টিনা ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে ব্রাজিল। বারমুডা ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। সমান ১২ পয়েন্ট নিয়ে রানরেটের পার্থক্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে কেম্যান দ্বীপপুঞ্জ ও বাহামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *